দ্রুত যানজট কমাতে ৪ টার্মিনাল সরানো হচ্ছে: সড়ক প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, রাজধানীর যানজট কমাতে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান এই ৪ বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া এবং বিদ্যমান ডিপোগুলো কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বৃহত্তর ঢাকা'র যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, গাবতলী টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় থাকা টার্মিনালগুলো উন্নয়নের সিদ্ধান্তও হয়েছে। রাজধানীর যানজটের অন্যতম কারণ শহরের ভেতরে বাস ও গণপরিবহনের অতিরিক্ত চাপ। এই চাপ কমাতে বিদ্যমান টার্মিনালগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জায়গায় টার্মিনাল ও ডিপো ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
হাবিবুর রশিদ বলেন, কাচপুর ও পূর্বাচলসহ বিভিন্ন স্থান ডিপো হিসেবে ব্যবহারের বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি গাবতলী বাস টার্মিনালের পাশের নতুন জায়গা দ্রুত কাজে লাগিয়ে সেটি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।
/শান্ত/
