Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২৩ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন স্কালোনি
মেসির বিদায়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ বুধবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয়ী হয় আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচ শেষে নিজের চুক্তি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন স্কালোনি। জাতীয় দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁকে আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য দায়িত্বে রাখতে চাইলেও চুক্তি নবায়নের কোনো ঘোষণা আসেনি। নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেন, "সবকিছু ঠিক থাকলে আমি কোচিং চালিয়ে যাবো। মেসি যে উত্তরাধিকার রেখে যাচ্ছে, তা অবিশ্বাস্য। মাঠে তাঁর মতো আর কখনোই কেউ থাকবে না।" তবে চুক্তি নবায়নের অগ্রগতি নিয়ে তিনি জানান, "এখনো কোনো আপডেট নেই।" মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা কঠিন হবে বলে মনে করেন স্কালোনি। নতুন ও তরুণ খেলোয়াড়দের নিয়ে দলকে সামনে এগিয়ে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "কঠিন হতে যাচ্ছে। সে নিজেও এটা বলেছে। গত কয়েক বছরে আমরা যা পেয়েছি, সেটা স্বাভাবিক কোনো বিষয় ছিলো না। সামনে কঠিন সময় আসতে পারে। আমরা সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। নতুন ও তরুণ খেলোয়াড়রা আসবে, তাঁরা আমাদের অনেক কিছু দেবে।" মেসি মাঠে যে প্রভাব তৈরি করতেন, তা আর থাকবে না উল্লেখ করে স্কালোনি বলেন, "সে যা তৈরি করতো, সেটা আর থাকবে না। আমরা নতুন কিছু উপায় খুঁজবো, নতুন অস্ত্র খুঁজবো। কিন্তু সেই অনুভূতিটা আর থাকবে না। তাঁকে উপভোগ করতে পারাটা ছিলো অসাধারণ। এখন তাঁকে ছাড়া আমাদের এগিয়ে যেতে হবে।" //আইই//