পঞ্চম সিজন নিয়ে ফিরছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’
সংগৃহীত ছবি
প্রাইম ভিডিও’র জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত’র পঞ্চম সিজন নিয়ে বড় আপডেট দিলেন পরিচালক দীপক কুমার মিশ্র। ভক্তদের সুখবর দিয়ে তিনি জানিয়েছেন, সিরিজটির পঞ্চম সিজনের শুটিং শেষে এখন সম্পাদনা চলছে। সব ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই নতুন সিজনটি মুক্তি পেতে পারে।
পঞ্চায়েতের চতুর্থ সিজনের শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হয়েছে প্রধানজি। তার এই অপ্রত্যাশিত পরাজয়ের পর কীভাবে পুরো গ্রামের প্রেক্ষাপট ও চরিত্রগুলোর জীবনধারা বদলে যাবে, তা নিয়েই নতুন সিজন সাজানো হয়েছে বলে জানিয়েছেন পরিচালক দীপক কুমার মিশ্র।
২০২০ সালের এপ্রিলে প্রাইম ভিডিওতে যাত্রা শুরু করেছিলো পঞ্চায়েত। শহরের পরিবেশে বেড়ে ওঠা অভিষেক নামের এক তরুণ বাধ্য হয়ে ফুলেরা নামের এক প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত সচিব পদে যোগ দেয়। প্রথমে মানিয়ে নিতে না পেরে ভালো চাকরিতে ফেরার প্রাণপণ চেষ্টা করলেও, ধীরে ধীরে গ্রামের মানুষ ও প্রতিদিনের সরল জীবনযাত্রায় জড়িয়ে পড়ে সে।
গ্রাম্য জীবন, মানুষের মানসিকতা, স্বভাব ও রাজনীতির সহজ-সরল চিত্রায়ণই পঞ্চায়েত সিরিজের মূল আকর্ষণ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখ।
// ইমরান//
