হঠাৎ ধসে পড়লো ৬ তলা ভবন, ভেতরে আটকা বহু শিক্ষার্থী
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকার সত্য নিকেতনে একটি ৬ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, ভবনটি ৭৫ শয্যার ‘পেয়িং গেস্ট’ (পিজি) বা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। এর নাম ‘হোস্টেল ডেজ’। একজন প্রত্যক্ষদর্শীর দাবি, রোববার ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া মানুষের বাঁচানোর আকুতি ও চিৎকার শোনা গেছে।
এখন পর্যন্ত ভবনটি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ দুইজনকে উদ্ধারের কথা জানিয়েছে এবং আটকে পড়া মানুষের প্রকৃত সংখ্যা নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, দুর্যোগ মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরাতে ভারী এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। কংক্রিটের স্ল্যাব সরানোর জন্য আরও বিশেষ যন্ত্রপাতি আনা হচ্ছে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারাও নিজেদের উদ্যোগে খালি হাতে উদ্ধারকাজ শুরু করেন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তার জন্য পাশের ভবনটি খালি করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, প্রথম দফায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাঁর দাবি, ধ্বংসস্তূপের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছেন। ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে মনে হচ্ছে।
সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে হওয়ায় এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর বসবাস। দুর্ঘটনার পর স্থানীয় কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীরাও উদ্ধারকারীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
সূত্র: এনডিটিভি
