এবার পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
সংগৃহীত ছবি
জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-২০ বাংলাদেশ নারী হকি দল। টানা দুই ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থান মজবুত করলো তারা।
পাকিস্তানের বিপক্ষে মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের নবম মিনিটে নূপুরের দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা।
এরপর পাকিস্তান রক্ষণে খানিকটা প্রতিরোধ গড়লেও ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিলো বাংলাদেশের হাতেই। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সারিকা রিমন দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
৪১ মিনিটে পাকিস্তানের পক্ষে সারিকা একটি গোল শোধ করলেও ব্যবধান কমেনি বেশিক্ষণ। ৪৩ মিনিটে কনা আক্তার চমৎকার এক গোলে স্কোরলাইন ৪-১ করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তারের গোলে পাকিস্তানের বড় হার নিশ্চিত হয়।
জুনিয়র এশিয়া কাপে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালের আসরে তারা নবম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিলো।
// ইমরান//
