বিভিন্ন সরকারি চাকরিতে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সংসদীয় কমিটি সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোট অনুমোদিত পদ আছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে কর্মরত জনবল ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
বৈঠকে জানানো হয়, শূন্য পদ পূরণে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের যাত্রা শুরু থেকে প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্য ছিলো। এরমধ্যে ২ হাজার ৬১টি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
‘সবার ওপরে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলা করা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কোন কোন প্রকল্পে ধীরগতি আছে, সেটিও অনুসন্ধান করার সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
/সোহেল/
