শিশুখাদ্যে বিধিভঙ্গ
নেসলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
শিশুখাদ্য পণ্য ন্যান এক্সেলা প্রো স্টেজ-১ ও ল্যাকটোজেন প্রো-১– ’র পরীক্ষায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ার পর নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানায়, খাদ্য নিরাপত্তা আইনের বিভিন্ন বিধি না মানার অভিযোগে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও পোস্টে সতর্ক করা হয়েছে।
মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, পণ্য দুটির প্রচারে এমন কিছু দাবি করা হয়েছে, যা ল্যাবরেটরি পরীক্ষায় পাওয়া যায়নি। এছাড়া বিজ্ঞাপনে বায়োটিনের যে পরিমাণ বলা হয়েছে, বাস্তবে তা মেলেনি।
তবে নেসলে ইন্ডিয়া বলেছে, তাদের পণ্যগুলো প্রযোজ্য সব বিধিবিধান মেনে তৈরি ও বাজারজাত করা হয়।
শিশুখাদ্যের বিজ্ঞাপনের দাবি নিয়ে আপত্তি
খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, ন্যান এক্সেলা প্রো স্টেজ-১ ও ল্যাকটোজেন প্রো-১–এর পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্ল্যাটফর্মে এসব পণ্যের বিজ্ঞাপন তারা পরীক্ষা করে দেখেছে। ন্যান এক্সেলা প্রো স্টেজ-১-এর ক্ষেত্রে ‘৫ ধরনের মানবদুগ্ধ-শর্করা’ এবং ‘ছানার দুধের আমিষ’–সংক্রান্ত দাবি খতিয়ে দেখা হয়। আর ল্যাকটোজেন প্রো-১-এর ক্ষেত্রে ‘ছানার দুধের আমিষ সহজে হজম হয়’—এমন দাবির বিষয়ে পরীক্ষা চালানো হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, এসব দাবি ২০২০ সালের শিশুপুষ্টিবিষয়ক খাদ্যসংক্রান্ত খাদ্য নিরাপত্তা ও মান বিধিমালার একটি নির্দিষ্ট বিধির সঙ্গে সাংঘর্ষিক। ওই বিধিতে শিশুখাদ্যের বিক্রি বাড়াতে পারে এমন প্রচারমূলক দাবি বা উপকরণের ব্যবহার সীমিত করার কথা বলা হয়েছে।
এসব বিষয়ে নেসলে ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চাওয়ার কথাও বলেছে মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। অনিয়মের অভিযোগে নেসলের বিরুদ্ধে পৃথক ৩ টি আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
// ইমরান//
