ফ্যামিলি কার্ড পেতে যেসব শর্ত, বাদ পড়বেন কারা
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিতে কারা অগ্রাধিকার পাবেন এবং কোন শর্তে বাদ পড়বেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নিম্নআয়ের মানুষের মধ্যে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভান্ডার নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী, হতদরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। তবে আট ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন পরিবার এ সুবিধা পাবে না। তারা হলেন-
১. সচ্ছল পরিবার: নির্ধারিত প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ঊর্ধ্বসীমা অতিক্রম করা মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবার।
২. সরকারি চাকরিজীবী পরিবার: পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য।
৩. পেনশনভোগী পরিবার: নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অবসরকালীন সুবিধা পেলে। তবে প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ পেনশনের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।
৪. বেশি সঞ্চয় থাকা পরিবার: পরিবারের কোনো সদস্যের নামে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র, এফডিআর বা আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় থাকলে।
৫. মোটরযানের মালিক পরিবার: কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে।
৬. বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা থাকা পরিবার: কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা হালনাগাদ বাণিজ্যিক লাইসেন্স থাকলে।
৭. করযোগ্য আয় থাকা পরিবার: কোনো সদস্য নিয়মিত আয়কর দেন এবং তার করযোগ্য আয় থাকলে।
৮. নির্ধারিত সীমার বেশি জমি থাকা পরিবার: বসতভিটাসহ মোট আবাদি জমি ০.৫০ একর বা তার বেশি হলে কিংবা অকৃষি বা বাণিজ্যিক জমির বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলে।
অগ্রাধিকার পাবেন কারা
গ্রামীণ হতদরিদ্র, ভূমিহীন কৃষিশ্রমিক, দিনমজুর এবং উপার্জনে সক্ষম সদস্যহীন পরিবার অগ্রাধিকার পাবে। গুরুত্ব দেওয়া হবে বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে। ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে, এমন পরিবারও বিবেচনায় থাকবে।
এছাড়া শিশু, প্রতিবন্ধী বা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সদস্য থাকা পরিবার, প্রত্যাগত অভিবাসী সদস্য থাকা পরিবার এবং মাটি, বাঁশ বা পাটকাঠির দেয়ালযুক্ত কাঁচা ঘরে বসবাসকারী পরিবারকে বিবেচনা করা হবে। বসতভিটা ও কৃষিজমিহীন কৃষিনির্ভর পরিবারও নীতিমালার শর্ত অনুযায়ী অগ্রাধিকার পেতে পারে।
তবে এসব বৈশিষ্ট্য থাকলেই কার্ড পাওয়া নিশ্চিত নয়। তথ্য যাচাই ও নির্ধারিত যোগ্যতা বিবেচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
/শান্ত/
