৪০ দিনে দুদকের ১২২ মামলা, ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ৪০ দিনে ১২২টি মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ৬৬টি অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে কমিশন। এছাড়া ঘুষ লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতেনাতে ধরতে ৬১টি অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। তিনি বলেন, ২০ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আদালতের আদেশে ৬৮ জনের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সময়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আকতারুল ইসলাম জানান, জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে স্থাপিত এসআইএস সিস্টেম পরিচালনা, মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের নামে শতকোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই ঘটনায় কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এছাড়া স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ক্ষমতার অপব্যবহার, শত শত কোটি টাকা আত্মসাৎ এবং অতিরিক্ত মূল্য দেখিয়ে বিদেশে অর্থ পাচারের অভিযোগেও জাহিদুর রহিমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এদিকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশিদুজ্জামানের বিরুদ্ধে দুদক আইনে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।
/শান্ত/
