আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে দুদক
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুদক সূত্র এই তথ্য জানিয়েছে।
অভিযোগের মধ্যে সবচেয়ে বড় অঙ্কের ১১ হাজার কোটি টাকা দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে পাচারের কথা বলা হয়েছে। এসব অর্থ দিয়ে বিদেশে ভিলা কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং দেশে ৩৬ জন ডিসি পদায়নে ২ থেকে ১০ কোটি টাকা করে লেনদেনের অভিযোগ রয়েছে। ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের টেন্ডার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঢাকা ওয়াসার এমডি নিয়োগে ১০ কোটি, এলজিইডির সাবেক চিফ ইঞ্জিনিয়ার নিয়োগে ৫২ কোটি এবং গাজীপুর সিটি করপোরেশনের সিইও নিয়োগে ৬৫ কোটি টাকা ঘুষের অভিযোগও অনুসন্ধানে এসেছে।
এর আগে ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। নতুন অভিযোগটি আগের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করা হয়েছে।
/শান্ত/
