ইসলামী ব্যাংকের সামনে কেন কর্মকর্তা-গ্রাহক মুখোমুখি?
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তারা। একই জায়গায় ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান নিয়েছেন কয়েকশো গ্রাহকও।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষ অবস্থান কর্মসূচি পালন করে। দুপুরের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, নতুন পরিচালনা পর্ষদ তাদের একসঙ্গে চাকরিচ্যুত করেছে। দীর্ঘদিন ধরে চাকরি না থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
তবে গ্রাহক ফোরামের অভিযোগ, এস আলমের সময়ে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছিলো। এসব নিয়োগ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্টরা পরীক্ষায় অংশ নেননি। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়-এমন কোনো কর্মসূচি মেনে নেবেন না বলেও জানান তারা।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
/শান্ত/
