মৌসুমীর যে বিষয় আজও টানে ওমর সানীকে
তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে পথ চলছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানী। প্রেম, বিয়ে, সংসার আর নানা গুঞ্জন পেরিয়ে তাদের সম্পর্ক এখনো টিকে আছে ভালোবাসা ও বিশ্বাসে।
১৯৯৫ সালের ৪ মার্চ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চুপিসারে বিয়ে করেন তারা। এর দেড় বছর পর আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনার। দীর্ঘ দাম্পত্য নিয়ে সম্প্রতি কথা বলতে গিয়ে স্ত্রী মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কারণ জানিয়েছেন ওমর সানী।
বিচ্ছেদের গুঞ্জন ও নানা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, স্বামী-স্ত্রী দুজনেরই ভুল হতে পারে। এসব বিষয় নিয়ে অতিরিক্ত লেখালেখিই সমস্যা তৈরি করে।
মৌসুমীর কোন বিষয়টি এখনো তাকে টানে-এমন প্রশ্নে সানী বলেন, মৌসুমীর ‘কেয়ারিং’ স্বভাব ও জেদ তাকে ভীষণ টানে। তার ভাষায়, মৌসুমী অনেক কথা জমিয়ে রাখতে পারেন, তার নিজের ধৈর্য তুলনামূলক কম।
দাম্পত্য টিকিয়ে রাখতে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেতা। আবেগঘন কণ্ঠে স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ফারদীন-ফাইজার আম্মু, তোমাকে ভালোবাসি।’
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর ‘দোলা’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তাঁরা। সিলেটে সিনেমাটির শুটিংয়ের সময় পরিচয় ঘনিষ্ঠ হয়। মৌসুমীর ব্যক্তিত্ব ও পারিবারিক পরিবেশে মুগ্ধ হন সানী। এরপর সেই সম্পর্ক গড়ায় বিয়েতে।
/শান্ত/
