২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছালো মার্কিন রণতরী
টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বুধবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের লাইম চাবাং বন্দরে পৌঁছায় রণতরীটি।
প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে রণতরীটি ইরানের সঙ্গে সংঘাতের সময় মার্কিন নৌ অবরোধ ও যুদ্ধ অভিযানে অংশ নেয়। ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের দাবি, টানা এতোদিন সমুদ্রে অবস্থান করে রণতরীটি আধুনিক যুগের একটি রেকর্ড গড়েছে।
থাই কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্রাম, সুস্থতা ও রসদ সরবরাহের জন্য পাঁচ দিনের পোর্ট কল করছে আব্রাহাম লিংকন। গত বছরের নভেম্বরে মোতায়েন করা হয়েছিল রণতরীটি। সাধারণত মার্কিন নৌবাহিনীর মোতায়েন ৬ থেকে ৯ মাস স্থায়ী হলেও সংঘাতের সময় তা বাড়তে পারে।
ব্যাংকক জানিয়েছে, এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতের কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্র-থাইল্যান্ডের চুক্তির অংশ হিসেবেই বিশ্রাম ও লজিস্টিক সহায়তার জন্য এই পোর্ট কল।
/শান্ত/
