চলন্ত ট্রাকে মুরগি চুরি, নিহত ৩
চলন্ত ট্রাক থেকে সিনেমা স্টাইলে হিমায়িত মুরগি চুরির ঘটনায় জড়িত একটি চোরচক্রের ৩ সদস্য নিহত হয়েছেন। এছাড়া ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) মিশরের রাজধানী কায়রোর মহাসড়কে ৪ টন মুরগি নিয়ে যাওয়ার সময় রেফ্রিজারেটেড ট্রাক অনুসরণ করে চোরচক্র। পাশ দিয়ে যাওয়া এক গাড়িচালকের মোবাইলে পুরো ঘটনার রোমাঞ্চকর ভিডিওটি ধরা পড়ে।
ভিডিওটিতে দেখা যায়, দুই ব্যক্তি একটি পিকআপ নিয়ে দ্রুতগতির ট্রাকটির পিছু নেয় এবং চলন্ত অবস্থাতেই পেছনের দরজা খুলে মুরগির বাক্স চুরি করতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই চুরির দৃশ্য দেখে অনেকেই একে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেন। ডাকাতির সময় ট্রাকচালক বিষয়টি টের না পেলেও পরে দেখা যায় ট্রাক থেকে ১০৫ কেজির বেশি মুরগি চুরি গেছে।
ভিডিওটি দেখে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তে নেমে আগের অপরাধের রেকর্ড থাকা ৬ সদস্যকে শনাক্ত করে। পরে কায়রো ও কালিউবিয়া এলাকায় তাদের আস্তানাগুলোতে অভিযান চালালে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়। বাকি ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির পিকআপ, আগ্নেয়াস্ত্র এবং চুরি হওয়া কিছু মুরগি জব্দ করেছে।
