সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী টাকা পাবেন ৭ সেপ্টেম্বর থেকে
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহককে মূল আমানতের টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাব থেকে জমানো সম্পূর্ণ মূল অর্থ এককালীন তুলতে পারবেন। এই ক্ষেত্রে কোনো মুনাফা পাবেন না তারা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ করবে ব্যাংকটির শাখাগুলো।
ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি হিসাবে স্বাভাবিক লেনদেন শুরুর সিদ্ধান্ত রয়েছে। শাখা ও উপশাখাগুলোতে নগদ টাকার রিকুইজিশন পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ টাকার জোগান নিশ্চিত করা এবং ঝুঁকিমুক্ত ক্যাশ ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় প্রয়োজন। এই জন্য ৭ সেপ্টেম্বর থেকে পুরোদমে আমানতের টাকা ফেরত দেওয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী ও মেয়াদি হিসাব থেকে গ্রাহকেরা তাদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে যথারীতি মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।
