দাবি পূরণ না হওয়ায় সাজেকে ফের অবরোধ
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচা বাজারসহ বিভিন্ন স্থানে সড়কে গাছ ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে অবরোধকারীরা। ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় আবারও সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুইটি।
বুধবার সংগঠন দুইটির নেতারা গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।
/সোহেল/
