মেসির গোলেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া মায়ামি'র
ইন্টার মায়ামির জয়টা প্রায় নিশ্চিতই মনে হচ্ছিলো। লিওনেল মেসির দৃষ্টিনন্দন গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে নাশভিলের সঙ্গে ২-২ গোলে ড্র করতে হয়েছে মায়ামিকে।
ম্যাচের চতুর্থ মিনিটেই স্যাম সুরিডের গোলে এগিয়ে যায় নাশভিল। ১৯তম মিনিটে রিড বেকার-হোয়াইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৬২তম মিনিটে নিজের চিরচেনা বাঁ পায়ের শটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে করা দুর্দান্ত শটে জাল খুঁজে নেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। চলতি মৌসুমে এমএলএসে এটি তার ১৯তম গোল।
২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে গত ১৫ আগস্ট নাশভিলের কাছে ৪-১ গোলে হারের প্রতিশোধের স্বপ্ন দেখছিলো মায়ামি। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই সেই স্বপ্ন ভেঙে দেন সুরিড। নিজের দ্বিতীয় গোল করে নাশভিলকে সমতায় ফেরান তিনি।
এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও শক্ত করেছে নাশভিল। দ্বিতীয় স্থানে থাকা মায়ামির চেয়ে তারা এগিয়ে আছে ৯ পয়েন্টে।
/শান্ত/
