‘এআইয়ের গতি কমানো না গেলে মানবজাতি বিপদে পড়তে পারে’
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতিতে প্রযুক্তি খাতের অনেকেই ‘সত্যিই ভীত’ বলে জানিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সাবেক এক গবেষক। তার আশঙ্কা, এআইয়ের অগ্রগতির গতি কমানো না গেলে অদূর ভবিষ্যতে মানবজাতি বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। এমনকি তার ভাষায়, এআইয়ের কারণে আমরা সবাই মারা যেতে পারি।
অ্যানথ্রপিক থেকে পদত্যাগকারী ২৭ বছরের জ্যাকব কক্সন বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
এআইয়ের কারণে বিপর্যয় কেমন হতে পারে- এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন বলে মন্তব্য করেন কক্সন। তিনি বলেন, অ্যানথ্রপিক প্রধান যেসব ঝুঁকির কথা বলেছেন, তার মধ্যে একটি হলো- এআই বটের একটি বিশাল বাহিনী সুপারকম্পিউটারের মতো কাজ করে ইন্টারনেটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এমন পরিস্থিতি ছয় মাস থেকে এক বছরের মধ্যেই হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
তবে কক্সনের পদত্যাগ ও বক্তব্যের বিষয়ে অ্যানথ্রপিক বলেছে, এআইয়ের অনেক সুফলের পাশাপাশি এর অনেক ঝুঁকির ব্যাপারে তারা সব সময়ই স্বচ্ছ। ঝুঁকি মোকাবিলায় তারা সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা মডেল তৈরি করছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, এআই মডেল কীভাবে কাজ করে, তা বোঝার ক্ষেত্রে তারাই পথিকৃৎ।
এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২৩ সাল থেকে ওপেনএআই, গুগল ডিপমাইন্ড ও অ্যানথ্রপিক প্রধানরা প্রযুক্তিটির ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন। সাম্প্রতিক সময়ে নতুন এআই মডেলগুলো আরও সক্ষমতা দেখানোর পর এসব সতর্কবার্তা জোরালো হয়েছে।
// ইমরান//
