Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২৮ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চুয়েটে অচলাবস্থার মধ্যে তালা ভেঙে ঢুকলেন উপাচার্য
চুয়েটে অচলাবস্থার মধ্যে তালা ভেঙে ঢুকলেন উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এই সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থীও তার সঙ্গে ছিলেন। পরে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ ও ১২ অক্টোবর ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি গুরুত্বপূর্ণ সভায় উপাচার্যের অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য ১০ অক্টোবর বিকেলে তাঁর ঢাকা যাওয়ার কথা জানানো হয়। তাঁর অনুপস্থিতিতে ওই দুই দিনের জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী তার ঢাকায় থাকার কথা থাকলেও সোমবার সকালে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শেখ শরীফুল আলম। এর আগে গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই দিন শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন। সাবেক উপাচার্য সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। /শান্ত/