এবার ঢাকায় কমেছে পূজামণ্ডপ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে পূজা হবে। প্রতিমা স্থাপনের পাশাপাশি ঘটে আয়োজিত পূজাও এই হিসাবের অন্তর্ভুক্ত। সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এবার দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এছাড়া পূজার দিনসংখ্যা, সরকারি বরাদ্দ এবং নিরাপত্তা প্রস্তুতিতেও বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত তারা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বলেও মনে করেন তিনি। এদিকে বাংলাদেশের বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার বিচার দাবি করেছে পরিষদ। সন্তোষ শর্মা বলেন, রামু, নাসিরনগর, ২০২১ সালের কুমিল্লার ঘটনা ও সুনামগঞ্জসহ অতীতে ঘটে যাওয়া বড় হামলাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। আগামী ১৭ ও ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উদ্যাপিত হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। /শান্ত/