ফিফার কাছে ক্ষমা চাইলেন ইনফান্তিনো
ভিডিও বার্তায় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। এটি কেবল একটি প্রস্তাব ছিলো, চূড়ান্ত চুক্তি নয়। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-এর চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট বলেন, দীর্ঘ আলোচনার পরও মূল প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা যেসব নথিপত্র (এফএফই সংক্রান্ত) চেয়েছিলাম, তার একটারও উত্তর দেওয়া হয়নি। আমি মনে করি, ওই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি দিতে না পারেন, তাহলে তিনি ফিফা সভাপতির দায়িত্ব পালনের যোগ্য নন। যদি অনুশোচনা এতটাই গভীর হয়, তবে সেই নথিপত্রগুলো কাউন্সিলের সামনে প্রকাশ করছেন না কেন? ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা ইনফান্তিনোর এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে তাঁর পদত্যাগ দাবি করেছে। ইউয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এফএফই সম্পর্কিত সমস্ত নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা দায়ের করেছে। /এমএএইচ