Advertisement(970X90).png
Advertisement(300X90).png

৩০ আশ্বিন ১৪৩৩, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুস্থ হয়ে দায়িত্ব পালন করবো: চুয়েট উপাচার্য
সুস্থ হয়ে দায়িত্ব পালন করবো: চুয়েট উপাচার্য

বুধবার (১৪ অক্টোবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, পদত্যাগ কিংবা ভবিষ্যতে ক্যাম্পাসে না ফেরার বিষয়ে তিনি কোনো বক্তব্য বা বিবৃতি দেননি। অসুস্থতার কারণেই ক্যাম্পাস ছেড়েছিলেন জানিয়ে তিনি বলেন, এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থ হয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনার পর থেকে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বুধবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। চলমান অচলাবস্থা ২৩তম দিনে গড়িয়েছে। সোমবার সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য শেখ শরীফুল আলম। এই সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি না যাওয়ায় উপাচার্যসহ ১২ জন ভবনটিতে অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তারা মুক্ত হন। পরে অসুস্থ উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে আর প্রবেশ না করার শর্তে উপাচার্যকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এই ধরনের শর্তে মুক্ত হওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মোর্শেদ রাতুল বলেন, উপাচার্য আবার ক্যাম্পাসে ফেরার কথা বললে শিক্ষার্থীরা পরবর্তী ব্যবস্থা নেবেন। /শান্ত/