রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি
অন্তর্র্বতী সরকারের সঙ্গে বৈঠক
প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ৭:৫২:০৮
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার । দুপুর আড়াইটায় রাষ্ট্রপতির বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।
শুধু বিএনপি নয়; শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে আগামী সাত দিন ধরে চলবে এই বৈঠক। এই সব বৈঠকে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি। এবার এই তৃতীয় দফায় আলোচনায় বসছেন তিনি। এর আগে গত ২৯ আগস্ট অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেছিলো বিএনপি।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার দুপুর আড়াইটায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক বিএনপি মহাসচিবসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা অংশ নেবেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, বিএনপির পক্ষে থেকে রাষ্ট্র সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হবে। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার প্রস্তাব রাখা হবে।’
বিএনপি নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এ বিষয়টিই তুলে ধরা হবে সংলাপে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি।’
এছাড়া শনিবার বিকেল ৩টায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের আলোচনায় বসার কথা রয়েছে। এই বৈঠকে জামায়াতে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন। তারাও রাষ্ট্র সংস্কার বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করবেন বলে জানা গেঠে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়। ৮ আগস্ট এই সরকার সফথ গ্রহণ করে। অন্তর্বতীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে গত ১১ সেপ্টেমম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন তিনি অন্তর্বত্তী সরকারের এক এক মাসের পদক্ষেপ ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন। রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠন করার কথা জানিয়ে কমিশন পরিচালনায় স্ব স্ব বিষয়ে অভিজ্ঞ ৬ বিশিষ্ঠ নাগরিকের নাম ঘোষণা করেন। এরপর কমিশন তাদের কার্যক্রম শুরু করে। সংস্কারের চুড়ান্ত পর্যায়ে শুরু আগেই এই বৈঠক করা হচ্ছে।
এদিকে রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশন গুলোর মধ্যে পাঁচটির পুণাঙ্গ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশনগুলো হলো নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও পুলিশ। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ এখনও বাকি আছে।
নাগরিক টিভি/ আসা
