রিয়াল মাদ্রিদে ফিরতে বড় দাবির তালিকা দিলেন মরিনিও
রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জনের মধ্যেই ক্লাব কর্তৃপক্ষের সামনে একাধিক শর্ত রেখেছেন হোসে মরিনিও।
প্রকাশিত : ১৪ মে ২০২৬, ৬:৫০:০৩
হোসে মরিনিওকে ঘিরে আবারও রিয়াল মাদ্রিদে ফেরার জোর গুঞ্জন শুরু হয়েছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা এগোলেও সহজে দায়িত্ব নিতে রাজি নন এই পর্তুগিজ কোচ। ক্লাবে ফেরার আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন তিনি।
বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রত্যাশিত ফল না পাওয়ায় রিয়াল মাদ্রিদের ভেতরে অস্থিরতা বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ড্রেসিংরুমে বিভাজন ও কোচিং স্টাফ নিয়ে অসন্তোষের মধ্যেই ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও মরিনিওকে সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালকে একাধিক শিরোপা এনে দেওয়া মরিনিও বর্তমানে বেনফিকার দায়িত্বে রয়েছেন। তবে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার এজেন্ট জর্জে মেন্ডেসের মাধ্যমে রিয়ালের সঙ্গে আলোচনা চলছে।
রিয়ালে ফিরতে মরিনিওর শর্তগুলোর মধ্যে রয়েছে কমপক্ষে দুই বছরের চুক্তি, স্কোয়াড ও ড্রেসিংরুমে পূর্ণ নিয়ন্ত্রণ, খেলোয়াড়দের প্রভাবমুক্ত কোচিং ব্যবস্থা এবং নিজের পছন্দের কোচিং স্টাফ নিয়ে কাজ করার সুযোগ।
এ ছাড়া বর্তমান ফিটনেস ব্যবস্থাপনায় পরিবর্তন, মেডিকেল বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ, সীমিত প্রাক-মৌসুম সফর এবং ক্লাবের অন্য কর্মকর্তাদের বদলে সরাসরি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো বর্তমান স্কোয়াডের অন্তত সাতজন খেলোয়াড়কে নিজের পরিকল্পনার বাইরে রাখার ইঙ্গিত। যদিও কারা সেই তালিকায় আছেন, তা প্রকাশ করা হয়নি।
