গুম প্রতিরোধ, মানবাধিকার ও সচিবালয় অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবেক অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টদেরও সরব হওয়ার আহ্বান জানান তিনি।
ইউনূসকে রাজপথে নামার ডাক নাহিদ ইসলামের, ১১ দলীয় ঐক্যের সঙ্গে আন্দোলনের আহ্বান
প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ২:০২:৩২
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ১১ দলীয় ঐক্যের সঙ্গে রাজপথে নেমে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বর্তমান সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
বর্তমান সংসদে ক্ষমতাসীন দলের (বিএনপি) গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের উদ্যোগের তীব্র সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। তিনি অভিযোগ করে বলেন, "গুম প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ এবং সচিবালয় অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল করা হচ্ছে। অথচ বর্তমান ক্ষমতাসীন দলের অনেক নেতাই বিগত দিনে গুমের শিকার হয়েছিলেন। এই অধ্যাদেশগুলো আইনে পরিণত না হলে তারা কখনোই কলঙ্কমুক্ত হতে পারবে না।"
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা ছিলেন, তারা অধ্যাদেশ করে চলে গিয়েছিলেন। এখন সেগুলো বাতিল হয়ে যাচ্ছে, কোনো সংস্কার হচ্ছে না। তারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনে এখন নিজ নিজ ক্যারিয়ারে ফিরে যাবেন—তা হতে পারে না। ড. মুহাম্মদ ইউনূসসহ যাদের হাত ধরে এই অধ্যাদেশগুলো হয়েছিল, তাদের সবাইকে এখন কথা বলতে হবে।" এই প্রেক্ষাপটেই তিনি ড. ইউনূসকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, "ওমরাহ্তে যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কী হতে যাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই এই চক্রান্ত শুরু হয়েছিল। আমরা চেয়েছিলাম সংস্কার, আর তারা (বিএনপি) চেয়েছিল নির্বাচন। এখন দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তারা কোনো কিছুরই তোয়াক্কা করছে না, এমনকি গণভোটেরও মর্যাদা দিচ্ছে না।"
জনগণের আস্থার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "গত ১৬ বছর মানুষ তাদের (বিএনপি) আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তাদের ওপর মানুষের আস্থা ছিল না। এখন ক্ষমতায় আসার পর তাদের আসল মুখোশ উন্মোচিত হচ্ছে।"
উল্লেখ্য, গত ২৯ মার্চ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দায় গিয়েছিলেন নাহিদ ইসলাম। সেখানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। সস্ত্রীক ওমরাহ পালন শেষে শনিবার দুপুরে তিনি দেশে ফেরেন।
