ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় ভিজিটর ভিসার আওতায় কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করা হয়েছে।
দূতাবাস জানায়, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়। এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিকের বিনিময়ে চাকরি বা অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না।
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা অ্যাকাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনাও বি১/বি২ ভিসার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
/শান্ত/
