আর্জেন্টিনা'র অধিনায়ক হচ্ছেন রোমেরো
সংগৃহীত ছবি
আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে নতুন মুখ আসতে যাচ্ছে। লিওনেল মেসি'র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর অধিনায়ক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোকেই বেছে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইএসপিএন-এর সাংবাদিক এস্তেবান এদুল।
গত সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। তাঁর বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা দলের একটি সোনালি অধ্যায়েরও সমাপ্তি হয়েছে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো'র কাঁধেই এবার নেতৃত্বের ভার দেওয়ার প্রস্তুতি চলছে।
রোমেরো'র নেতৃত্বের সামর্থ্য অবশ্য এরই মধ্যে দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলি'র বিপক্ষে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। শারীরিক অস্বস্তির কারণে সেদিন মেসি বেঞ্চে ছিলেন। রোমেরো'র অধিনায়কত্বে ম্যাচটি ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়া'র বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচেও অধিনায়কের আর্মব্যান্ড পরেন এই ডিফেন্ডার। ফলে মেসি'র পর নেতৃত্বের জন্য তাঁকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছিলো বলে মনে করা হচ্ছে।
জাতীয় দলের হয়ে রোমেরো'র পথচলা শুরু ২০২১ কোপা আমেরিকা'র আগে চিলি'র বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে। বেলগ্রানো'র যুব একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার এরপর লিওনেল স্কালোনি'র রক্ষণভাগের নিয়মিত সদস্য হয়ে ওঠেন। এখন পর্যন্ত আর্জেন্টিনা'র জার্সিতে ৫৮ ম্যাচ খেলে করেছেন ৪ গোল।
রোমেরো'র সময়েই আর্জেন্টিনা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা। ফলে দলটির সাফল্যময় সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে এবার নেতৃত্বের দায়িত্বও পেতে যাচ্ছেন তিনি।
২৮ বছর বয়সেই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় রোমেরো'র সামনে দীর্ঘ সময় রয়েছে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত, এমনকি তার পরও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হতে পারে তাঁর।
যদিও এখনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি। তবে একাধিক প্রতিবেদনে মেসি'র পর স্থায়ী অধিনায়ক হিসেবে রোমেরোকেই এগিয়ে রাখা হয়েছে।
