নতুন চোটে মাঠের বাইরে নেইমার
সংগৃহীত ছবি
নতুন চোটে বড় ধাক্কা খেলেন নেইমার জুনিয়র। ডান ঊরুর চোটের কারণে ৮ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান এই তারকাকে।
নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় ডান ঊরুতে চোট ধরা পড়েছে। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে সর্বোচ্চ ৮ সপ্তাহ সময় লাগতে পারে।
কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে গত বুধবার (২ সেপ্টেম্বর) পালমেইরাসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে চোট পান নেইমার। প্রথমার্ধেই ডান ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। বিরতির পর আর মাঠে নামেননি।
চোট পাওয়ার পরদিন অবশ্য মাঠের অবস্থা নিয়েই বেশি ক্ষোভ প্রকাশ করেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সরাসরি দায়ী করে ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।
নেইমারের অভিযোগ, ম্যাচের মাত্র এক দিন আগে মাঠের মাটি আলগা করায় পুরো মাঠে গর্ত তৈরি হয়েছিলো। অসমান মাঠে খেলতে গিয়ে দৌড়ানোর সময় হঠাৎ গতি বাড়ানো বা থামাতে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, প্রথমার্ধেই ৩ খেলোয়াড়ের চোট পাওয়ার সঙ্গে মাঠের অবস্থার সম্পর্ক রয়েছে।
