বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
রাজধানীর বাংলামোটরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে মারধর ও গুলি ছোড়ার অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সাইমনকে চার দিন এবং ওমর, মোর্শেদ ও মো. শাওনকে তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার এজাহার ও পুলিশের আবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউ ইস্কাটনে একটি বাসার সামনে মো. সোহানের পথরোধ করে সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে পিস্তল বের করে সোহানের বুকের দিকে তাক করে গুলি করার চেষ্টা এবং পরে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাতের অভিযোগ করা হয়েছে।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, পরে সাইমন তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। স্থানীয়রা ধাওয়া দিলে কয়েকজনকে আটক করা হয়। পালানোর সময় সাইমনও আটক হন।
এই ঘটনায় সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন।
//আরএস//
