লটারিতে ঢাকার ১৮ সাবরেজিস্ট্রার বদলি
সাবরেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে লটারির মাধ্যমে ১৮ জনকে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি নিয়ে দীর্ঘদিনের অভিযোগ থেকে উত্তরণে স্বচ্ছ লটারির উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত কর্মকর্তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় বিভিন্ন সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।
আইনমন্ত্রী বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে সুযোগগুলো তৈরি হয়েছে, সেগুলো ভাঙতে সরকার কাজ করছে। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগের অংশ।
নতুন পদায়ন পাওয়া কর্মকর্তাদের নিয়মিত নজরদারিতে রাখা হবে জানিয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, দেশে সাবরেজিস্ট্রারের মোট ৩৭২টি পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্পত্তি নিবন্ধনসেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই লটারি পদ্ধতি চালু করা হয়েছে।
/শান্ত/
