সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ফ্লাইট স্থগিত হওয়ায় দেশে আটকা পড়েছেন কয়েক হাজার সৌদি প্রবাসী। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে ফেরানোর বিষয়ে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) একটি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাদের মেয়াদ বাড়িয়ে কর্মস্থলে ফেরানোর বিষয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এর আগেও ভিসার মেয়াদ বাড়িয়ে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয়েছিলো।
নুরুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ধরনের বিষয়ে সাধারণত আন্তরিক থাকে। তবে সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। সৌদি আরব নিজেও সংকটের মধ্যে থাকায় আলোচনা এগিয়ে নেওয়া কঠিন হচ্ছে। তারপরও এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে রিয়াদে সাম্প্রতিক হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘটনার পর থেকেই বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাংলাদেশিদের খোঁজখবর নিয়েছেন।
//আইই//
