প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা
সংগৃহীত ছবি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নীতিমালায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনে একজন শিক্ষার্থী পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে পারবে। একই প্রতিষ্ঠানে একাধিক আবেদন করলে সব আবেদন বাতিল হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকা তৈরি করতে হবে। নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী নেওয়া হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রেও একইভাবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার সময় দুই ঘণ্টা।
এ ছাড়া বিদ্যালয়ের প্রধানরা শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থাও করবে ভর্তি কমিটি।
//আইই//
