খসড়া সাইবার সুরক্ষা আইন ঢেলে সাজানোর দাবি টিআইবি’র
খসড়া সাইবার সুরক্ষা আইন অনুমোদনের আগে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে আইনটি ঢেলে সাজানোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এই দাবি জানায় ।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীসহ ২৮ সদস্যের সমন্বয়ে সাইবার সুরক্ষা কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি পর্যায়ের তথ্যপ্রযুক্তি বা মানবাধিকার বিশেষজ্ঞ হিসেবে মাত্র দু’জনকে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। তারাও সরকার কর্তৃক মনোনীত হবেন।
এই ধরনের কাঠামো হলে সাইবার সুরক্ষা কাউন্সিল সরকারের সরাসরি কর্তৃত্বাধীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন ড. ইফতেখারুজ্জামান। তার মতে, এতে কোনো ধরনের জবাবদিহি ছাড়াই আইনের উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা ও যথেচ্ছ প্রয়োগের ক্ষমতা কাউন্সিলের হাতে চলে যেতে পারে।
// ইমরান//
