'১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল তৈরি হবে'
গ্যাস সংকট মোকাবিলায় দেশে আরও ১৫০টি গ্যাসকূপ খনন এবং তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে সরকার জানিয়েছিলো, মধ্যমেয়াদে প্রায় ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন বলেন, বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের পাশাপাশি ২০২৮ সালের আগেই সম্ভব হলে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদে মোট পাঁচটি ভাসমান টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ও গ্যাস সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণের বিষয়েও কাজ চলছে।
/শান্ত/
