১০ হাজার ইয়াবাসহ পৌর কৃষক দলের আহ্বায়কসহ আটক তিনজন
টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম প্রকাশ বাদশা।
আটক অন্য দুজন হলেন, টেকনাফ সদর শীলবনিয়া পাড়া এলাকার শামসুল আলমের ছেলে কফিল উদ্দিন এবং মৌলভী পাড়া এলাকার আবুল বাশারের ছেলে রবি আলম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা ডেইল পাড়া এলাকার মনির আলম প্রকাশ বাদশার বাড়িতে অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় বাড়িতে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ১০ হাজার পিস ইয়াবাসহ মনির আলম প্রকাশ বাদশাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক তিনজনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
//রুশা//
