খেলাপি ঋণের ৭২ শতাংশই দুর্বল ১০ ব্যাংকে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি রয়েছে মাত্র ১০টি ব্যাংকে। এসব ব্যাংকের অধিকাংশই অনিয়ম, জালিয়াতি ও ঋণ কেলেঙ্কারির কারণে আলোচনায় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত জুন শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ বিবেচনায় শীর্ষ ১০ ব্যাংকের রয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫৩১ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৭২ দশমিক ৪৬ শতাংশ। একই সময়ে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ।
পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশে। জুন শেষে ব্যাংকটির ১ লাখ ৮৯ হাজার ৬৮৩ কোটি টাকা ঋণের মধ্যে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা খেলাপি, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে শুধু এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট খেলাপি ঋণ প্রায় ৬০ হাজার কোটি টাকা।
খেলাপি ঋণের শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় আরও রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, অগ্রণী, সোশ্যাল ইসলামী, আইএফআইসি, ন্যাশনাল, ইউনিয়ন ও এবি ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের প্রায় ৯৭ শতাংশ ঋণই খেলাপি।
/শান্ত/
