‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেবো’
হলের ভিপিকে ছাত্রদল নেতার হুমকি
‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেবো।’এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের সহসভাপতি (ভিপি) রিপুল চাকমার উদ্দেশে দেওয়া এই হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলের ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগের পর সেখানে গেলে এ ঘটনা ঘটে বলে জানান রিপুল চাকমা।
হল প্রশাসন ও হল সংসদ সূত্রে জানা গেছে, অভিযোগ পেয়ে হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলমসহ কয়েকজন সেখানে যান। তবে কক্ষে অবৈধ কোনো শিক্ষার্থী থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রিপুলের।
রিপুল চাকমা বলেন, ‘গতকাল আমি দেখি কয়েকটি জিনিসপত্র নিয়ে একজন শিক্ষার্থী হলে আসে এবং বলে, সে ৩১৩ নম্বর কক্ষে উঠেছে। এ নিয়ে আমি গ্রুপে কথা বলি। পরে স্যারসহ আমরা সেখানে যাই। একপর্যায়ে আমাকে হুমকি দেওয়া হয়।’
তবে গালি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি কক্ষে কাউকে গালি দিইনি।’
অন্যদিকে নাছিম উদ্দিন বলেন, ‘‘আমি তাকে বললাম, ‘আমাদের রুম নিয়ে মিথ্যা অপবাদ দিতে পারিস না।’ তখন তিনি বলেন, ‘এটা তার অধিকার।’ আমাকে গালি দিলে আমি তখন তাকে হুমকি দিই। আমাকে গালি দেওয়ার জন্য তাকে ভিপি বানানো হয়নি। আমি হুমকি দিয়েছি, তবে আমাকে গালি দেওয়ার পরই বলেছি।’’
এ বিষয়ে চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এ হলের একটি কক্ষে অভিযান চালানো হয়। তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়কে কেন্দ্র করে যা হয়েছে, অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
//রুশা//
