চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশির ২ দিন রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশিকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, ৬৩ বিদেশিকে জিজ্ঞাসাবাদ করতে সাইবার সুরক্ষা আইনের মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার ১টি ৮তলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশিকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক ছিলেন।
// ইমরান//
