চাঁদনীর নতুন ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’
মুক্তি পেয়েছে অভিনেত্রী জিন্নাত ফারজানা চাঁদনীর নতুন ওয়েব ফিল্ম ‘তোমাকে হলো না পাওয়া’। নির্মাতা ফয়সাল আগুনের এই ওয়েব ফিল্মটি দেখা যাচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে।
সুহাসিনীর গল্পে নির্মিত ‘তোমাকে হলো না পাওয়া’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহবুব সুমন। সিনেমাটিতে চাঁদনীর সঙ্গে অভিনয় করেছেন জোনায়েদ বুকদাদি, মাহমুদুল ইসলাম মিঠু, মাইলি বাশার, খান সাইমোন, আদনান আলমগীর ও মুশফিকার রহমান মাহিনসহ আরও অনেকে।
মুক্তির পর ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির সেটের কিছু স্থিরচিত্র। সেখানে চরিত্র ও গল্পের নানা মুহূর্তে দেখা গেছে অভিনয়শিল্পীদের।
চাঁদনী বলেন, ‘তোমাকে হলো না পাওয়া’ আমার জন্য বিশেষ একটি কাজ। চরিত্রটি আমার আগের কাজগুলোর তুলনায় কিছুটা আলাদা। গল্পটি পড়ার পরই চরিত্রটির প্রতি ভালো লাগা তৈরি হয়। পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। আশা করছি, মুক্তির পর দর্শকদেরও ভালো লাগবে।’
ওয়েব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন সাখায়াত হোসাইন সাকিব ও কাওসার রাজিব খান। শিল্প নির্দেশনায় সোহরাব খান, সম্পাদনা ও কালারে মো. হাসিবুর রহমান ও স্টিল ফটোগ্রাফিতে রয়েছেন আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ।
/শান্ত/
