প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা
প্রতারণা মামলায় জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। রবিববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা একটি মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো। ওই মামলায় সাজা পরোয়ানা জারি হলে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালে দায়ের করা প্রতারণা মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
/শান্ত/
