বিদেশ ভ্রমণে বাড়লো বার্ষিক ডলার ব্যবহারের সীমা
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশে বসবাসরত প্রাপ্তবয়স্ক নাগরিকদের বিদেশ ভ্রমণের জন্য অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
তবে ১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য আগের নিয়মই বহাল থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।
নতুন সিদ্ধান্তে নগদ ডলার নেওয়ার সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি। বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে একজন সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন।
/শান্ত/
