পচা শামুকে পা কেটে দাগ ফেলেছি: শবনম ফারিয়া
নতুন সংসার শুরুর এক বছর পূর্ণ হলো মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়ার। তানজিম তৈয়বের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে নিজেদের উদযাপনের মুহূর্ত শেয়ার করার পাশাপাশি জীবনের অতীত কষ্ট ও মানসিক লড়াইয়ের কথা জানিয়েছেন তিনি। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে ঘরোয়াভাবে কেক কাটেন ফারিয়া ও তানজিম। পরে সেই ছবি ও নিজের অনুভূতি ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী।
অতীতের ভুল সিদ্ধান্ত ও সামাজিক চাপের কথা তুলে ধরে ফারিয়া লিখেন, প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না; লিটরালি নিজের সাথে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি, পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।
বর্তমান সংসারকে নিজের জীবনের সৌভাগ্য হিসেবে উল্লেখ করে ফারিয়া স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, নতুন পরিবারে শ্বশুর-শাশুড়ির সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পারছেন এবং ননদের সঙ্গে আনন্দের সময় কাটাচ্ছেন।
স্বামী তানজিমকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে মজার ছলে ফারিয়া লেখেন, আগামী বছর তাকে ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও এসি বন্ধ করা এবং ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ করার বিষয়টি মনে রাখতে হবে।
/শান্ত/
