মক্কায় ড্রোন হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম
সংগৃহীত ছবি
সৌদি আরবের পবিত্র মক্কা নগরী অভিমুখে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ছোড়াকে ধর্মীয় ও মানবিক চেতনার ওপর গুরুতর আঘাত এবং চরম ‘মহাপাপ’ বলে অভিহিত করেছেন হারামাইন শরিফাইনের ইমামরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত সৌদি গেজেটের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মক্কার আকাশসীমায় ঢুকার আগেই বিদ্রোহী গোষ্ঠীর একটি ড্রোন সফলভাবে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী।
জুমার খুতবায় মসজিদ আল-হারামের খতিব শেখ বান্দার বালিলা বলেন, "পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি রেড লাইন।" মহান আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্য বানানোর সঙ্গে ইসলামের মূল্যবোধের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, নিজেদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে হুথিরা ধর্মীয় স্লোগান ব্যবহার করছে।
একই বিষয়ে মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম জানান, মক্কা ও মদিনার নিরাপত্তা বিঘ্নিত করার এই অপচেষ্টা হুথিদের ধারাবাহিক অপতৎপরতারই অংশ। এসব উস্কানিমূলক পদক্ষেপের পেছনে নিরপরাধ মানুষের রক্তপাত ঘটানো ও আতঙ্ক তৈরি করাই মূল উদ্দেশ্য ছিলো। তবে বালিলা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরণের হামলায় সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ভেতরের ঐক্য আরও সুদৃঢ় হলো।
সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণ আকাশে হুথিদের ড্রোনটি প্রথম চিহ্নিত করেছিলো সামরিক বাহিনী। পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করার পূর্বেই ড্রোনটি উড়িয়ে দেওয়া হয়।
//আইই//
