বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ৫২ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। এক বছরের বেশি সময়ের সম্পর্কের পর ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় বিনিয়োগকারী ও চলচ্চিত্র প্রযোজক ক্যামেরন ও’রাইলিকে বিয়ে করেছেন তিনি।
জেমিমার পরিবারের সদস্যরা অনলাইনে বিয়ের খবর নিশ্চিত করেছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) তার ভাই বেন গোল্ডস্মিথও বিষয়টি নিশ্চিত করেন।
চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজের সূত্রেই জেমিমা ও ও’রাইলির পরিচয় বলে ধারণা করা হচ্ছে। এক বছরের কিছু বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক ছিলো।
জেমিমা গোল্ডস্মিথ ১৯৯৫ সালে সাবেক ক্রিকেটার ও পাকিস্তানের রাজনৈতিক নেতা ইমরান খানকে বিয়ে করেন। প্রায় ৯ বছর পর ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে- সুলাইমান ও কাসিম।
বিচ্ছেদের পর সাংবাদিকতা ও চলচ্চিত্র প্রযোজনায় ক্যারিয়ার গড়ে তোলেন জেমিমা। ২০২২ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’-এর চিত্রনাট্যও তিনি যৌথভাবে লিখেছেন।
