অ্যাপল ওয়াচে নতুন স্বাস্থ্য ও ফিটনেস ফিচার
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিং আরও উন্নত করতে নতুন ফিচার এনেছে অ্যাপল। নতুন ওয়াচওএস ২৭-এ ওয়ার্কআউট বাডি, উন্নত ট্রেডমিল ট্র্যাকিং এবং পেরিমেনোপজ ও মেনোপজ ট্র্যাকিং সুবিধা যুক্ত হয়েছে।
নতুন আপডেটের অন্যতম ফিচার ওয়ার্কআউট বাডি। ওয়াই-ফাই বা সেলুলার সংযোগ থাকলে কাছাকাছি আইফোন ছাড়াই অ্যাপল ওয়াচে এটি ব্যবহার করা যাবে। ব্যায়ামের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীকে ব্যক্তিগতকৃত ফিডব্যাকও দেবে ফিচারটি। তবে প্রথমবার সেটআপের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত আইফোন প্রয়োজন হবে।
ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানোর দূরত্ব আরও নির্ভুলভাবে হিসাব করতে নতুন মেশিন লার্নিং মডেল যুক্ত করা হয়েছে। ফলে ইনডোর ওয়ার্কআউটের দূরত্ব আগের তুলনায় নির্ভুলভাবে পরিমাপ করার দাবি করেছে অ্যাপল।
নারীদের স্বাস্থ্য ট্র্যাকিংয়েও এসেছে পরিবর্তন। সাইকেল ট্র্যাকিংয়ের সঙ্গে পেরিমেনোপজ ও মেনোপজের সম্ভাব্য পরিবর্তন শনাক্তের সুবিধা যুক্ত হয়েছে।
/শান্ত/
