দক্ষ কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের দুঃসংবাদ দিলো হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে জারি করা নির্বাহী আদেশের মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন দক্ষ বিদেশি কর্মীদের এই ভিসার আবেদনের জন্য আরও ১ বছর ১ লাখ ডলার ফি দিতে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এই সিদ্ধান্ত জানিয়েছে।
ট্রাম্প প্রশাসন ২০২৫ সালের সেপ্টেম্বরে এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে প্রথম নির্বাহী আদেশ জারি করে। ওই আদেশের মেয়াদ চলতি মাসে শেষ হওয়ার কথা ছিলো।
এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগদাতারা নির্দিষ্ট ফি’র বিনিময়ে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য দেশটিতে কাজের সুযোগ দিতে পারেন। প্রযুক্তি খাতসহ বিভিন্ন পেশার বিদেশি কর্মীরা এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করেন।
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এইচ-১বি ভিসা কর্মসূচির সমালোচনা করে আসছেন। এই ভিসার সাধারণ ফি ২ থেকে ৫ হাজার ডলারের মধ্যে। ট্রাম্প তা স্থায়ীভাবে বাড়িয়ে ১ লাখ ডলার করতে চান। তার এই উদ্যোগ নিয়ে আইনি লড়াই চলছে।
বোস্টনের একটি আপিল আদালত গত জুনে এক ফেডারেল বিচারকের দেওয়া রায় পর্যালোচনা করছেন। ওই বিচারক ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ফিকে বেআইনি ঘোষণা করেন এবং তা আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্স এই ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি মামলা করেছিলো। ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতের বিচারক বেরিল হাওয়েল সেটি খারিজ করে দিয়েছিলেন। এই সিদ্ধান্ত সঠিক ছিলো কি না, তা খতিয়ে দেখছেন আরেকটি আদালত।
// ইমরান//
