৭ আসামির রায় নিয়ে ফেসবুকে পোস্ট, দুই আইনজীবীকে তল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’, ‘মিথ্যা’, ‘বানোয়াট’ ও ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রসিডিংস জারির আবেদন করেছে প্রসিকিউশন। অভিযুক্ত দুই আইনজীবী হলেন মোহাম্মদ হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়। শুনানি শেষে আবেদনটি প্রাথমিকভাবে গ্রহণ করে দুই আইনজীবীকে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ওবায়দুল কাদেরসহ সাত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের পর মোহাম্মদ হাসানুজ্জামান তুষার ফেসবুকে লেখেন, “অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন রায়ের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ঘৃণাভরে এই রায় প্রত্যাখ্যান করি। রাজপথে সবকিছুর ফয়সালা হবে।”
ওই পোস্টের নিচে মোহাম্মদ হাসান চৌধুরী মন্তব্য করেন, “ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করছি।”
প্রসিকিউশনের দাবি, আইনজীবী হওয়ায় তাদের বক্তব্য আদালতের নজরে আনা হয়েছে। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আদালত সম্পর্কে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও জানানো হয়।
//রুশা//
