নেপালে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ
সংগৃহীত ছবি
আগামী বছরের মার্চে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই সিরিজটি উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই দেশের কঠিন সময়ে ক্রিকেটের মাধ্যমে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে এই আয়োজন।
নেপাল সফর নিয়ে আলোচনা শুরু হয়েছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির বৈঠক থেকে। এর ধারাবাহিকতায় আজ বুধবার বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত। বৈঠকে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের সঙ্গে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নেপালের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটিই ছিলো বিশ্বকাপের ম্যাচ, যেখানে জয় পেয়েছিলো বাংলাদেশ।
//আইই//
