যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়লো ২৫.৬৫ শতাংশ
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে আগস্টে ২৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একক মাস হিসেবে এটি এযাবৎকালের সর্বোচ্চ প্রবৃদ্ধি বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবি'র তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ৮১৭ মিলিয়ন ডলারের বেশি মূল্যের পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই মাসে রপ্তানির পরিমাণ ছিলো ৬৫০ দশমিক ৩৪ মিলিয়ন ডলার।
এদিকে চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট- প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট ১ দশমিক ৬১ বিলিয়ন ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি ১১ দশমিক ৪২ শতাংশ বেশি।
প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৮০৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে মাসিক গড় রপ্তানি ছিল ৬৪৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার।
