রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন রুশ রাষ্ট্রদূত
সংগৃহীত ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে এফবিসিসিআইয়-এর প্রশাসক ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান তিনি। এফবিসিসিআই-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বৈঠকে রূপপুর প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় ৪ হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলে জানান খোজিন।
বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ জানিয়েছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পাশাপাশি মস্কোতে একটি রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও জানান রুশ রাষ্ট্রদূত। নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।
বৈঠকে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন ফজলুল হক। রাশিয়ার বাজারে ভারী জুতা ও চামড়াজাত পণ্যের চাহিদা রয়েছে বলে জানান খোজিন। বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়েও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে।
এ ছাড়া কৃষি, মৎস্য, জাহাজনির্মাণ ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত।
